

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাসভবনকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বাড়িটি ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তবে দীর্ঘ সময় অভিযান পরিচালনার পরও কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল আড়ুয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী ওই বাসভবনে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু প্রায় আড়াই ঘণ্টাব্যাপী তল্লাশি শেষে কোনো সন্দেহভাজন ব্যক্তির সন্ধান না পাওয়ায় কাউকে আটক ছাড়াই অভিযান শেষ করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকার অনেক মানুষ ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। তারা সাবেক মেয়র ও তার পরিবারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক কারণেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে।
এদিকে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্ভাব্য তৎপরতা পর্যবেক্ষণে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্যও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, “তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি। এ কারণে কোনো ধরনের আটকও করা হয়নি।”
রাতভর অভিযান ও স্থানীয়দের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সারাদেশে নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।