

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ১৮টি মামলার সক্রিয় আসামি বাবুল মিয়া ওরফে 'বাবুল ডাকাত'কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল ডাকাত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মাহবুবুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চম্পকনগর বাজারে অভিযান চালায়। সেখান থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডাকাত সর্দার বাবুলকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবুল ডাকাতের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলার পরোয়ানাসহ মোট ১৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৮টি ডাকাতি, ১টি হত্যা, ৪টি চুরি, ১টি অপহরণ, ১টি অস্ত্র মামলা এবং নারী ও শিশু নির্যাতনসহ ২টি মারামারির মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, বাবুল ডাকাত দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধ সংঘটনের পর সে আত্মগোপনে গিয়ে ভিন্ন ভিন্ন এলাকায় বসবাস করত।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোচিত নিয়ে আরও পড়ুন





দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।