

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে রড ও ছুরি দিয়ে হামলা এবং প্রায় তিন ঘণ্টা গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভবতী স্ত্রীকেও মারধরের অভিযোগ করেছেন স্বজন ও এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার ভাটিয়া নদীর পূর্ব পাড় এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বাজার থেকে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে শিকল দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, নূর মোহাম্মদের গর্ভবতী স্ত্রী ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। হামলায় আহত নূর মোহাম্মদ ও তার স্ত্রী বর্তমানে কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে হামলার ঘটনায় শফিকুল, সেলাম ও তার পরিবারের সদস্য, বাবুলসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষকে প্রকাশ্যে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ সত্য হলে বিষয়টি অত্যন্ত গুরুতর। তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।