

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের টার্গেট করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের হাতেনাতে আটক করেন স্থানীয় রোগী ও স্বজনরা।
আটককৃতরা হলেন— আসমা খাতুন, তানজিলা, তানিয়া, নাসিমা এবং অজ্ঞাতনামা আরও একজন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্রটি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার দুপুরে ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মাঝে তাদের সন্দেহজনক ঘোরাফেরা দেখে উপস্থিত রোগী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চক্রটি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা স্বীকার করে যে, একটি সংঘবদ্ধ দল হিসেবে নিয়মিত হাসপাতালে এসে তারা রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত। ঘটনার সময় তাদের কারো কাছেই চিকিৎসাসেবা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।
পরবর্তীতে উপস্থিত জনতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়পূর্ণ স্থানে নিজেদের মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে সাবধানে ও সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আলোচিত নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।