

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। জনগণ তাদের মিথ্যাবাদী, ধোঁকাবাজ ও প্রতারক হিসেবে চিহ্নিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। অনৈক্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ওই দলের ওপর আল্লাহর গজব নেমে এসেছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই নেতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কার্যালয়ে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে গাজী আতাউর রহমান কোনো দলের নাম সরাসরি উল্লেখ না করে জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ওই দলকে নিয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আলাদা করে জবাব দেওয়ার প্রয়োজন নেই। দেশের জনগণই সময়মতো তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করবে এবং উপযুক্ত জবাব দেবে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ ও লুটপাটের মতো অপরাধ বন্ধে কার্যকর অগ্রগতি না হওয়ার অভিযোগও করেন তিনি।
তার দাবি, রাজনৈতিক পরিবর্তনের পরও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি হয়নি। কোথাও কোথাও চাঁদাবাজির প্রবণতা আরও বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, দেশের মানুষ রাজনীতিতে শুধু সরকার পরিবর্তন নয়, একটি গুণগত পরিবর্তন চেয়েছিল। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যান্য অনিয়ম-অপরাধ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণের অধিকার ও প্রত্যাশা উপেক্ষিত হলে পরিস্থিতি আবারও রাজপথের আন্দোলনের দিকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরামা এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের মাওলানা হেলাল উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দেশের রাজনীতিতে নীতি, আদর্শ ও জনকল্যাণকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।