দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


২০১২ সালের আন্দোলনে গুলিবিদ্ধ বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম সুমন আবারও অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চাইলেন পরিবার ও সহকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
২০১২ সালের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া করিমগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির ত্যাগী নেতা ভিপি সাইফুল ইসলাম সুমন আবারও শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে করিমগঞ্জসহ কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১২ সালের ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসার মাধ্যমে তিনি স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। তবে ফুসফুসের কিছু জটিলতা ও পুরোনো আঘাতের প্রভাব তিনি মাঝেমধ্যে অনুভব করতেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ঢাকার Popular Diagnostic Centre & Hospital-এ চিকিৎসা নেন।
পরিবারের দাবি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে টিউমারসদৃশ একটি অংশ শনাক্ত হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তারা জানান, বিষয়টি দীর্ঘদিনের আঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে। একই সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার শরীরে এখনো একটি গুলি রয়ে গেছে। তবে এ বিষয়ে চিকিৎসকদের চূড়ান্ত মতামত এখনো জানা যায়নি।
চিকিৎসকরা আপাতত ওষুধ ও নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা বা অস্ত্রোপচারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
ভিপি সাইফুল ইসলাম সুমনের ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন,
"আমরা বাবার আদর্শ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জনগণের বিপুল সমর্থনে বিনা টাকায় আমার ভাই করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। করিমগঞ্জের মানুষের জন্য তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু নানা প্রতিকূলতার কারণে তিনি সেই পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। আজ তিনি অসুস্থ। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।"
করিমগঞ্জ বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, শারীরিকভাবে অসুস্থ থাকলেও ভিপি সাইফুল ইসলাম সুমন বাসা থেকেই ফোনে নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, দলের প্রতি তার নিষ্ঠা ও ত্যাগ নেতাকর্মীদের কাছে আজও অনুপ্রেরণার উৎস।
রাজনৈতিক সহকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাদের বক্তব্য, আন্দোলন-সংগ্রামে ভিপি সাইফুল ইসলাম সুমনের অবদান কিশোরগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে স্মরণীয় হয়ে থাকবে।
দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ মহান আল্লাহর দরবারে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। সংগ্রামের এই সাহসী নেতা আবারও সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন—এমন প্রত্যাশাই এখন করিমগঞ্জবাসীর।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন




