

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের অভিযোগে করা একটি মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ ও পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মামলার বাদী মোছা. লাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী আক্তার (২৮) একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।
মামলাটি তদন্তের পর পুলিশ অভিযোগটি মিথ্যা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই, ঠাকুরগাঁওকে নির্দেশ দেন।
পরবর্তীতে পিবিআই তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগকে বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করা হয়।
এরপর আদালত পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে আসামি মো. সাদ্দাম হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী লাবলী আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭(১) ধারায় অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর ) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন লাবলী আক্তার। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।