দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক রেমিট্যান্স যোদ্ধা। তাঁর নাম মো. আব্দুল হামিদ ভূঁইয়া। গত ৫ তারিখ ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে তিনি মদিনার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই মর্মান্তিক দুঃসংবাদে তাঁর নিজ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আহত মো. আব্দুল হামিদ ভূঁইয়া গ্রামের মধ্যপাড়া এলাকার জনাব হামদু ভূঁইয়ার তৃতীয় ছেলে। দীর্ঘ ৬ বছর ধরে তিনি মদিনার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি কোম্পানিতে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসে যাওয়ার পর দীর্ঘ ৬ বছরে তিনি একবারও দেশে ফেরেননি। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পুরো সংসারের হাল ধরেছিলেন এই প্রাণচাঞ্চল্যকর যুবক। দুই বোনের বিয়ে দেওয়া থেকে শুরু করে নিজের এক ভাইকে সৌদি আরবে নিয়ে গেছেন তিনি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল মা-বাবার মুখে হাসি ফোটানো। মা-বাবাকে হজে নিয়ে যাওয়া, দেশে ফিরে নতুন ঘরবাড়ি তৈরি করা এবং বিয়ে করে থিতু হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু হঠাৎ ঘটা এক ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ তাঁর সব স্বপ্নকে আপাতত থমকে দিয়েছে। দুর্ঘটনার পর থেকে টানা অজ্ঞান অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গত বছর মদিনায় ওমরাহ পালনকালে হামিদের আতিথেয়তার কথা স্মরণ করে এই প্রতিবেদক জানান, "মদিনায় অবস্থানকালে হামিদ নিজে থেকে যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজের কোম্পানির গাড়ি নিয়ে সে আমাকে উহুদ পাহাড়, মসজিদে কেবলাতাইন, হযরত আলীর বাড়ি-সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখায়। তার সেই প্রাণোচ্ছল হাসি, সুদর্শন চেহারা এবং অমায়িক ব্যবহার আজও আমার স্মৃতিতে অম্লান।"
এদিকে, দুর্ঘটনার খবর দেশের বাড়িতে পৌঁছানোর পর থেকেই সেখানে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভিড় জমছে। প্রিয় সন্তানের এমন করুণ অবস্থার খবরে মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
তবে এই দুঃসময়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মদিনায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে আমাদের গ্রাম ও আশপাশের বিভিন্ন গ্রামের প্রবাসীরা হামিদকে এক নজর দেখতে এবং সহায়তার হাত বাড়িয়ে দিতে হাসপাতালে ছুটে যাচ্ছেন।
বর্তমানে পুরো গ্রামবাসীর একটাই প্রার্থনা— মহান আল্লাহ যেন তাঁদের প্রিয় হামিদকে দ্রুত সুস্থ করে তোলেন এবং তাঁর অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণের তৌফিক দান করেন।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








