

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড় এলাকায় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম মিয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া থেকে একটি ট্রাক আখাউড়ার দিকে আসছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাচ্ছিল। যান দুটি খড়মপুর বাইপাস চৌরাস্তায় পৌঁছালে এদের মধ্যে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।
এ সময় অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কাশেম মিয়ার জেঠাতো ভাইয়ের মেয়ে (জেটাশের মেয়ে) বিজয়নগর উপজেলার বিজয়পত্তন এলাকায় মারা যান। সেই মৃত্যুর খবর শুনে তাঁর মরদেহ শেষবারের মতো দেখতে সিএনজিযোগে রওনা হয়েছিলেন কাশেম মিয়া। কিন্তু পথিমধ্যেই সড়ক দুর্ঘটনা তাঁর নিজের জীবন প্রদীপ কেড়ে নেয়। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে সাময়িকভাবে আটকে রাখলেও পরবর্তী সময়ে তা ছেড়ে দেয় বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।