দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ সংলগ্ন নদীতে যাত্রীবাহী নৌকায় সংঘটিত আলোচিত নৌ-ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মিঠামইন থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকা হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে ইঞ্জিনচালিত নৌকায় এসে যাত্রীদের জিম্মি করে ভয়াবহ ডাকাতি সংঘটিত করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মিঠামইন থানার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫ জুন ২০২৬ তারিখে ঢাকার সাভার এলাকা থেকে ইছানুল হক ওরফে এহসানুল হক ওরফে ফকির (২৬) এবং কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে মো. জুলহাস উদ্দিন (৪৪)-কে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে মিঠামইন থানা এলাকা থেকে রুবেল মিয়া (২৬)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ১৬ জুন ২০২৬ দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
"সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কিশোরগঞ্জ সর্বদা অঙ্গীকারবদ্ধ। যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখাবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, পিপিএম (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক (সদর সার্কেল), কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








