

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভোরে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে বাটিকামারা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন ওই এলাকার শহিদুলের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি ও সীমানা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে এর আগেও বিভিন্ন সময় তাঁদের হুমকি দেওয়া হয়েছিল।
পরিবারের অভিযোগ, স্থানীয় মসজিদপাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল আজ ভোর আনুমানিক ৪টার দিকে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর শুরু করে। হামলার ঘটনা প্রতিহত করতে নাসিমা খাতুন এগিয়ে গেলে অভিযুক্তদের মধ্যে আকরাম তাঁকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন।
পরে নিহতের পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনেরা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।