

প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার পরিচালিত অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারগুলোর উদ্বেগ কাটলেও পুরো ঘটনার নেপথ্যে মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন—সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খুশি, মল্লিকা ও ঋতু দেবনাথ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুজুতি রানী দেবনাথ। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর চার শিক্ষার্থীর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান না মেলায় স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই তাদের অবস্থান শনাক্তে পুলিশ অভিযান শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, চার শিক্ষার্থী প্রথমে ঢাকায় যায়। পরে তারা সিলেটে পৌঁছায়। বুধবার সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাটগামী বাসের অপেক্ষায় ছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের ভারতে পাচারের পরিকল্পনা ছিল কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া চার শিক্ষার্থী সুস্থ রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।