

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ী (দক্ষিণদুয়ারী) গ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. সাদেকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার গভীর রাতে বন্যার পানিতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন সাদেকুল ইসলাম। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
সকাল আনুমানিক ৬টার দিকে গ্রামের একটি পুকুরপাড়সংলগ্ন বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
এলাকাবাসীর ভাষ্য, সাদেকুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে যান এবং সেখানেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মতামত পাওয়া যায়নি।
তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলেন, বন্যার সময় মাছ ধরা বা জলাবদ্ধ এলাকায় চলাচলের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হতে পারে। তাই সবাইকে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানান তারা।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।