

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মোহনা দক্ষিণ ঘুনিয়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসান হয়েছে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে। জমি-সংক্রান্ত বিরোধের কারণে বন্ধ হয়ে থাকা পানি নিষ্কাশনের পথ পুনরায় সচল হওয়ায় কয়েকটি ওয়ার্ডের হাজারো বাসিন্দা স্বস্তি ফিরে পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মোহনা দক্ষিণ ঘুনিয়া এলাকায় বাহাদুর গং ও প্রবাসী ওসমানের জমির বাউন্ডারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পানি চলাচলের পথ সংকুচিত ছিল। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে স্থানীয়দের চলাচল, কৃষিকাজ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতসহ দৈনন্দিন জীবনযাত্রা চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল।
এ সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রূপায়ন দেবের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এসিল্যান্ড রূপায়ন দেব ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট উভয় পক্ষকে নিয়ে তাৎক্ষণিক বৈঠকে বসেন।
চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে পানি চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের পথ সচল রাখার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এলাকাবাসী জানান, বহু বছর ধরে তারা এই সমস্যার স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিলেন। প্রশাসনের দ্রুত, নিরপেক্ষ ও জনবান্ধব পদক্ষেপে বিরোধ নিষ্পত্তি হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য, এসিল্যান্ড রূপায়ন দেবের আন্তরিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো একইভাবে দ্রুত সমাধানে উপজেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, "দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এ এলাকার মানুষ চরম দুর্ভোগে ছিলেন। প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসন, বিশেষ করে এসিল্যান্ড রূপায়ন দেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের জনদুর্ভোগ নিরসনে প্রশাসন একইভাবে কাজ করবে বলে আমরা আশা করি।"
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রূপায়ণ দেব বলেন,
“জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো সমস্যা প্রশাসনের কাছে গ্রহণযোগ্য নয়। অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করেছি। পানি চলাচলের স্বাভাবিক পথ উন্মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো সমস্যা দ্রুত ও নিরপেক্ষভাবে সমাধানে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।”
সারাদেশে নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।