

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। বর্তমানে হ্যাকারদের কবলে থাকা এই নম্বরটি ব্যবহার করে যেকোনো মুহূর্তে বড় ধরনের আর্থিক প্রতারণা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষ ও তার শুভানুধ্যায়ীদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এমপি রেজা আহমেদ বাচ্চু নিজেই।
সতর্কবার্তায় তিনি জানান, তার ব্যবহৃত মূল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করা হয়েছে। ওই নম্বর থেকে যদি কেউ কোনো ধরনের আর্থিক সহযোগিতা, টাকা ধার কিংবা সন্দেহজনক বার্তা পান, তবে সেটিতে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, তার বা তার দপ্তরের পক্ষ থেকে কখনো কাউকে এমন কোনো আর্থিক অনুরোধ করা হয়নি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি সক্রিয় প্রতারক চক্র সংসদ সদস্যের নাম ভাঙিয়ে বিভিন্ন মহলে অনৈতিক সুবিধা ও অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। তাই মোবাইল ফোনে বা ডিজিটাল মাধ্যমে তার পরিচয় দিয়ে কোনো আর্থিক দাবি করা হলে তা তাৎক্ষণিকভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে সাইবার এই নিরাপত্তার বরখেলাপ ও প্রতারণার আশঙ্কায় শনিবার সন্ধ্যায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিষয়টি প্রযুক্তিগতভাবে সমাধানের জন্য সাইবার সহায়তার কাজ চলছে বলে জানা গেছে।
সাইবার প্রতারণার এই ফাঁদ এড়াতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সন্দেহজনক কল বা বার্তার ক্ষেত্রে পুলিশ বা প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।