
পাতিত সরকার বাংলাদেশের যুবসমাজের জন্য একটি ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (৩ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. তিতুমীর বলেন, বিগত সরকার জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে নিজেদের পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনৈতিক ব্যবস্থা চালু রেখেছিল, যার ফলে অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি হয়েছে। দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৩ কোটি ৩৩ লাখ তরুণের একটি বড় অংশকে কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা যায়নি। ২০২২ সালের হিসাবে দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে ছিল, যার মধ্যে ৬২ শতাংশই নারী। এছাড়া অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে একই সময়ে দেশে নতুন করে প্রায় এক কোটি মানুষ দরিদ্র হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খেলাপি ঋণের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, প্রকৃত খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭ শতাংশ হলেও পূর্বে তা ১১ শতাংশ হিসেবে দেখানো হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ হার কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি বাংলাদেশের কর-জিডিপি অনুপাত আন্তর্জাতিক মানের তুলনায় অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।