

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া, চাঁদাবাজি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আল্লার্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা।
সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমির হামজা বলেন, গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিস্ট পরিস্থিতি মানুষ প্রত্যক্ষ করেছে, বর্তমানে তারই পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমে সংশ্লিষ্টদের আরও সতর্ক, দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সার ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্যদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। তার দাবি, সংসদ সদস্যদের বাদ দিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নিয়ে একপেশে আলোচনা করা হয়েছে।
আমির হামজা আরও অভিযোগ করেন, সরকারি দলের লোকজন কিংবা নির্দিষ্ট কোনো সিন্ডিকেটের বাইরে অন্য কেউ যাতে সার ডিলার হিসেবে নিয়োগ না পান, সে ধরনের একটি প্রক্রিয়া চালানোর চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে প্রশাসনের কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কি আবার ৫ আগস্ট দেখতে চান? এমন করলে কিন্তু আগস্ট আবার আসবে। মানুষ এখন আর মান্ধাত্তা আমলের নেই, মানুষ এখন অনেক সচেতন।”
অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিবাদ গড়ে তোলার কথাও জানান তিনি।
দেশে চাঁদাবাজি ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য আমির হামজা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ সফল হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে অতীতের মামলা ও হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, গত আড়াই বছরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউকে মিথ্যা মামলা কিংবা হয়রানি করা হয়নি। অতীতে যারা মামলা দিয়ে বাণিজ্য করেছে এবং জনগণের ওপর জুলুম-অত্যাচার চালিয়েছে, তারা এখন নিজেদের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে ধর্মীয় প্রসঙ্গও তুলে ধরেন আমির হামজা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেভাবে রাসুলুল্লাহ (সা.)-কে সাহায্য করেছেন এবং মক্কা বিজয়ের পথ সুগম করেছেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে বিজয় একদিন আসবেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা সাহিত্য সম্পাদক ও ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুল আমিন জসিম, উপজেলা নায়েবে আমির আরজুল্লাহ, সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল নোমান, স্থানীয় নেতা আহসান হাবিব বুলবুল, সাবেক সভাপতি এনামুল হক এবং চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিনসহ অন্যরা।
মতবিনিময় সভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মী, রোকন ও সমর্থকেরা অংশ নেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।