

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার ভেন্যু হিসেবে রুহিয়াকে নির্ধারণ করায় আবেদনকারী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।গত ২৭ জুলাই বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে “রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে রুহিয়ার বেকার যুবক, অভিভাবক ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপজেলার উপকারভোগীদের সুবিধার্থে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা রুহিয়ায় আয়োজনের দাবি জানান। এরই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) সারোয়ার মুর্শিদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আগামী ৪ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্যামিলি কার্ড প্রকল্পের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবরটি প্রকাশের পর রুহিয়াজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থী সাব্বির হোসেন বলেন, “রুহিয়ায় পরীক্ষা হওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে আমাদের সময় ও যাতায়াত ব্যয় দুটোই কমবে।” ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রুহিয়ার স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, “রুহিয়ায় পরীক্ষার আয়োজনের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। তারা আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করছি ভবিষ্যতেও রুহিয়া উপজেলার মানুষ পূর্ণাঙ্গ প্রশাসনিক সুবিধা পাবে।” উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) সারোয়ার মুর্শিদ আহমেদ জানান, রুহিয়া উপজেলার আবেদনকারীর সংখ্যা ৫০০-এর বেশি। সারাদিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। তিনি পরীক্ষার্থীদের সঙ্গে স্মার্টফোন নিয়ে আসার অনুরোধ জানান। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রুহিয়া উপজেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
তারিখ: ৩০/০৭/২০২৬

আলোচিত নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।