

গোলের ব্যবধান ২-০, আর সেই জয়ের সঙ্গে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর হরিণমারী ১নং ওয়ার্ড একাদশ। মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল আসরের সেমিফাইনালে আমজানখোর বারোসা একাদশকে হারিয়ে শেষ লড়াইয়ে জায়গা করে নিয়েছে দলটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গড়ায় সেমিফাইনালের এই ম্যাচ। কাঙ্ক্ষিত ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। খেলা শুরুর আগেই দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একে অপরের গোলপোস্টে একাধিক আক্রমণ চালালেও হরিণমারী একাদশ সুযোগ কাজে লাগিয়ে দুইবার জালের দেখা পায়। শেষ পর্যন্ত আমজানখোর বারোসা একাদশ আর ম্যাচে ফিরতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হরিণমারী।
সেমিফাইনালের জয়কে ঘিরে ম্যাচ শেষে হরিণমারীর খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ফাইনালে দলটির প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে এখন থেকেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ম্যাচের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং আমজানখোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিণমারী হাটের পোস্টমাস্টার মো. দুলাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তিতুমীর কলেজ, ঢাকার সাবেক ছাত্রনেতা শেখ মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. মুক্তারুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইকবাল হোসেন।
খেলা পরিচালনা করেন হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে সেমিফাইনালের ম্যাচটি পরিণত হয় জমজমাট এক ফুটবল লড়াইয়ে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।