
সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের খানা জরিপের জন্য সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী পদের নিয়োগ পরীক্ষা রুহিয়া উপজেলাতেই আয়োজনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় চাকরিপ্রার্থী অভিভাবক ও এলাকার বাসিন্দারা। স্থানীয় চাকরিপ্রার্থী সাব্বির, মীম, সোহেল এবং অভিভাবক ফাতেমা ও হাবিবুর রহমান জানান, রুহিয়া থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর উপজেলায় যাতায়াত করতে তিন দিনে একেকজন প্রার্থীর অন্তত ৫০০ টাকা খরচ হয়। অথচ হাজার হাজার বেকারের মধ্য থেকে নিয়োগ পাবেন মাত্র ৪৫ জন। এই অবস্থায় পরীক্ষাটি রুহিয়ায় অনুষ্ঠিত হলে বেকার প্রার্থীরা যেমন আর্থিক দিক থেকে স্বস্তি পাবেন, তেমনি স্থানীয়রাও তাঁদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন না। উল্লেখ্য, রুহিয়া উপজেলা গেজেট প্রকাশের পর গত ৬ জুলাই ইসমাইল হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২১ জুলাই তাঁর নিয়োগ বাতিল করে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইউএনও আলাউদ্দিনকে রুহিয়ার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়। কিন্তু তিনি এখনো যোগ না দেওয়ায় প্রশাসনিক জটিলতা কাটেনি। এ বিষয়ে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রুহিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বলেন, রুহিয়া এখন একটি পূর্ণাঙ্গ উপজেলা। ফ্যামিলি কার্ডের এই কার্যক্রমটি রুহিয়া উপজেলা থেকেই পরিচালিত হওয়া উচিত। এটি এখন সময়ের দাবি। ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক বলেন, দাবিটি অত্যন্ত যৌক্তিক। সাক্ষাৎকার যেন রুহিয়াতেই অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি, রুহিয়া উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আহসান হাবিব বলেন, রুহিয়া এখন একটি নতুন উপজেলা। এখানকার সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষা রুহিয়াতেই নেওয়া উচিত। বিশেষ করে বর্তমানে বর্ষাকাল তাই সব বিষয়ে নজরদারি/বিবেচনা করে ঠাকুরগাঁও সদরে গিয়ে পরীক্ষা দেওয়া অনেক বেকার প্রার্থীর জন্যই অর্থনৈতিকভাবে কষ্টসাধ্য। নতুন উপজেলা হিসেবে প্রশাসনিক ভিত্তি মজবুত করতে ও প্রার্থীর স্বার্থে স্থানীয় প্রশাসনকে এটি গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খুব শীঘ্রই রুহিয়াবাসী নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পেয়ে যাবেন। ফ্যামিলি কার্ডের আবেদনকারীদের পরীক্ষা রুহিয়ায় নেওয়া সম্ভব কি না এমন প্রশ্নে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।