৩১ ডিসেম্বর ২০২৫
preview
দৌলতপুরে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন: মাউন্টেন আইডিয়াল স্কুলের যাত্রা শুরু

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :তানভীর আজাদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল নবপ্রতিষ্ঠিত মাউন্টেন আইডিয়াল স্কুল। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ডাংমড়কা বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মুশতাক আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ। তিনি আশা প্রকাশ করে বলেন, মাউন্টেন আইডিয়াল স্কুল স্থানীয় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক, ডাংমড়কা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানচর্চায় দক্ষ করে গড়ে তুলতে সহায়ক হবে। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল হালীম টম, প্রধান শিক্ষক, বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় এবং দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)-এর সভাপতি আব্দুল আলীম সাচ্চু। তাঁরা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com