মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোকন ইসলাম (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রোকন ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন রোকন। পথে শশীধরপুর-স্বরূপপুর সড়কে পৌঁছালে কোনো একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় সড়কের পাশে থাকা একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে ছিটকে পড়েন রোকন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাত্র ১৮ বছর বয়সে রোকনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com