মাহবু বুর রহমান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি মাঠ এখন স্থায়ী জলাভূমিতে পরিণত হয়েছে। পাঠানো ছবিতে দেখা যায়, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, পানির উপর ভাসছে শাপলা পাতা ও কচুরিপানা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ বছর ধরে আগরপুর, ক্ষুদ্র সিমলা, কালিকাপুর, খৈসর ও জালশুকা এই ৫টি গ্রামের প্রায় ৩ হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়ে আছে। একসময় যেখানে সোনালী বোরো ধানের চাষ হতো, এখন সেখানে চাষাবাদ বন্ধ।
৩ নভেম্বর/২৬, মঙ্গলবার দুপুরে ঐ এলাকায় গিয়ে মাঠের মাঝখানে পানি থই থই করছে, দূরে কয়েকটি গাছ কোনোমতে দাঁড়িয়ে আছে, চারপাশে ফসলের কোনো চিহ্ন নেই। এটি কোনো প্রাকৃতিক বিল নয়, বরং স্থানীয়দের দাবি অনুযায়ী এটি ছিল আবাদি জমি।
ভুক্তভোগীদের অভিযোগ, পানি বের হওয়ার কালভার্ট ও ব্রিজের মুখ বন্ধ হয়ে যাওয়ায় এই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মসজিদের রাস্তা, বসতবাড়ির আঙিনা ও গ্রামীণ সড়কও পানির নিচে তলিয়ে আছে।
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউপির বর্তমান দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান নওজেস আলী নায়েব বলেন, পানি আটকে থাকার বিষয়টি সত্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com