১ নভেম্বর ২০২৬
preview
সম্মাননা ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হলো দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে পত্রিকাটি সফলতার তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে।


গত ৩১ অক্টোবর ২০২৬ রাজধানী ঢাকার সোবহানবাগ, ধানমন্ডি-২৭-এর ড্যাফোডিল প্লাজার নবম তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অভয়নগরের প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ শাহীন।


এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সাংবাদিক ও প্রতিনিধিদের পেশাগত অবদান এবং কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিনিধিদের মাঝে পত্রিকার লোগোসংবলিত টি-শার্ট বিতরণ করা হয়। অতিথি, সাংবাদিক ও প্রতিনিধিদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন ছিল। সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র শুধু তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ এবং মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা, নিরপেক্ষতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমেই একটি গণমাধ্যম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে।


তারা আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে। এ বাস্তবতায় সত্যনিষ্ঠ সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


বক্তারা জাতীয় দৈনিক অভয়নগরের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি আগামী দিনে সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, পেশাদার সাংবাদিকতা এবং দেশ ও জনগণের স্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রধান অতিথি ফাইজুর রহমান বকুল পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ শাহীন পত্রিকার অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিন বছরের পথচলা শেষে চতুর্থ বর্ষে পদার্পণ জাতীয় দৈনিক অভয়নগরের জন্য নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে ধারণ করে আগামীতেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পত্রিকাটির সংশ্লিষ্টরা।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com