১৬ অক্টোবর ২০২৬
preview
লালন স্মরণোৎসব ঘিরে ছেঁউড়িয়ায় বাউল-ভক্তদের ঢল, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি।

undefined

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লালন স্মরণোৎসব ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, বাউল, ফকির, ভক্ত ও দর্শনার্থীরা লালন আখড়াবাড়িতে সমবেত হচ্ছেন। সম্ভাব্য বিপুল জনসমাগম নির্বিঘ্ন রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ।


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে লালন একাডেমি আয়োজিত এ স্মরণোৎসব ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবকে ঘিরে আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় দেশজ সংস্কৃতি, মরমি সাধনা এবং লালনের মানবতাবাদী দর্শনের আবহ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।


সাধু-ভক্তদের প্রচলিত রীতি অনুযায়ী, স্মরণোৎসবের প্রথম দিন সন্ধ্যায় বাল্যসেবা, দ্বিতীয় দিন সকালে রাখালসেবা এবং তৃতীয় দিন দুপুরে পুণ্যসেবা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধু-ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই ফকির লালন শাহ দেহত্যাগ করেছিলেন।


তিরোধান দিবসকে কেন্দ্র করে সাধু-ভক্তরা সাধুসঙ্গ, ভাববিনিময়, তত্ত্বালোচনা ও মরমি সংগীতের মাধ্যমে লালন শাহকে স্মরণ করেন। তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

স্মরণোৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যায় লালন মুক্তমঞ্চে লালনের জীবন, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চিন্তাধারা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  আলোচনা শেষে দেশবরেণ্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লালনসংগীত পরিবেশিত হবে।


উৎসবস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ার মোহিনী মোহন আদর্শ ডিগ্রি কলেজ মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা এবং বিনয়ী আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


পুলিশের নিরাপত্তাপরিকল্পনায় রয়েছে ছেঁউড়িয়া ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন, পিকেট ডিউটি, মোবাইল টহল ও পায়ে হেঁটে টহল। সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা, কেন্দ্রীয় কন্ট্রোল রুম, নদীপথে নিরাপত্তায় স্পিডবোট এবং গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে।


এ ছাড়া প্রবেশপথে আর্চওয়ে গেট স্থাপন, যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশের নজরদারি এবং দর্শনার্থীদের সহায়তায় ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বুথ স্থাপন করা হয়েছে।


ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম, ফয়সাল মাহমুদ, প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তোহিদ বিন-হাসান জানান, স্মরণোৎসব ও মেলায় আগত দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


আয়োজকদের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় এবারের লালন স্মরণোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে। বাউলসংগীত, সাধুসঙ্গ ও মানবতাবাদী দর্শনের মধ্য দিয়ে ছেঁউড়িয়ার এই আয়োজন আবারও দেশীয় লোকসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com