৭ অক্টোবর ২০২৬
preview
ফুটপাত দখল করলেই কঠোর ব্যবস্থা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও দোহার পৌরসভা। আজ ৭ অক্টোবর, ২০২৬, বুধবার বেলা ১১টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স মা-বাবার দোয়া এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, হাইলাইভ বেকারিকে ২ হাজার টাকা এবং বুলবুল কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুটপাত দখল ও খাদ্যপণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় বুলবুল কনফেকশনারীকে জরিমানা করা হয়। এ সময় কয়েকটি অবৈধ স্থাপনাও সরিয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাইদুল ইসলাম।

তিনি বলেন, ফুটপাত দখল নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। এ বিষয়ে আগে নোটিশ ও মাইকিং করা হয়েছে। এরপরও দখল না সরানোয় অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে শুধু জরিমানায় সীমাবদ্ধ থাকবে না। আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীদের ফুটপাত দখল না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাজার কমিটিকেও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

ফুটপাত দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

অভিযানে উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com