বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষদ প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর পর নিজস্ব জমি ক্রয় করতে সক্ষম হয়েছে ইউনিয়ন পরিষদটি।
এ উপলক্ষে সম্প্রতি ক্রয়কৃত জমি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবীবা মীরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি সূত্রে জানা যায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জমি ছিল না। অন্যের জায়গায় ভাড়ায় বা অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে হতো। অবশেষে সকল জটিলতা কাটিয়ে পরিষদের জন্য স্থায়ীভাবে জমি ক্রয় করা হয়েছে। ক্রয়কৃত এই জমিতেই আধুনিক ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মল্লিকবাড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান বলেন, "দীর্ঘ ৫০ বছর ধরে আমাদের নিজস্ব জমি ছিল না, এটি আমাদের জন্য একটি বড় সীমাবদ্ধতা ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরিষদের নিজস্ব জমি কেনা হয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করতে পারব। এতে ইউনিয়নবাসীর সেবার মান আরও বৃদ্ধি পাবে।"
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রস্তাবিত কমপ্লেক্স ভবনের স্থান, জমির কাগজপত্র, সীমানা ও যাতায়াত ব্যবস্থাসহ সার্বিক বিষয়াদি পর্যালোচনা করেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com