৬ অক্টোবর ২০২৬
preview
বালিয়াডাঙ্গীতে তরুণী নিখোঁজের ১২ দিন, মেয়ের অপেক্ষায় অসুস্থ মা-বাবা

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের শারমিন আক্তার নামে এক তরুণী ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না মেলায় চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরিবার। মেয়ের অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা-বাবা।


পরিবারের সদস্যদের অভিযোগ, রমিক চন্দ্র সিংহ নামে এক যুবকের সঙ্গে শারমিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি স্বজনদের। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেছে পরিবার।


নিখোঁজের পর শারমিনের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে যোগাযোগ করেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাননি তারা।


শারমিনের বোন নাজমিন আক্তার মাহি বলেন, “১২ দিন ধরে আমরা বোনের কোনো সন্ধান পাচ্ছি না। সে কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। তাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। মা-বাবাও মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন।”


শারমিনের বাবা মো. পশিরুল ইসলাম বলেন, “মেয়েকে খুঁজে পাওয়ার জন্য থানায় এজাহার করেছি। আমাদের একটাই দাবি—দ্রুত তদন্ত করে মেয়ের সন্ধান বের করা হোক। আমরা মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই।”


পরিবারের দাবি, শারমিন নিখোঁজ হওয়ার পর রমিক চন্দ্র সিংহের বাবা সুমন্ত চন্দ্র সিংহসহ পরিবারের কয়েকজন সদস্যকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।


স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে শারমিনের কোনো খোঁজ না থাকায় তার পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে তরুণীর অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


এ ঘটনায় শারমিনের পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।


পরিবারের স্বজনদের অপেক্ষা এখন একটাই—শারমিনের সন্ধান মিলবে কবে, আর কবে ফিরবে তাদের প্রিয় মানুষটি।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com