২ অক্টোবর ২০২৬
preview
সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার গাড়িচালক কনস্টেবল মোহাম্মদ সফিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।তবে গ্রেপ্তারের প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়।এরই মধ্যে ২ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যরত সদস্যকে বাধা প্রদান ও অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইলকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com