Md.zahid Azad
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা ওরফে টেংগর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামে পটল গ্রুপ ও আজা মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা টেংগর চড়ইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে। তিনি পটল গ্রুপের প্রধান পটলের ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চড়ইকুড়ি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পটল ও আজা মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাম মোস্তফা টেংগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পটল (৭০), শুভ (৩৬), শাহ জামাল (৪০), আজা মেম্বার (৬০) ও বুলবুলসহ কয়েকজনকে উদ্ধার করে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের পর নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com