২৯ সেপ্টেম্বর ২০২৬
preview
শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থী গুরুতর আহত, থানায় লিখিত অভিযোগ

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এক শিক্ষার্থীকে বেত দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এতে মো. বিশাল আহমেদ (১৭) নামে দশম শ্রেণির ওই শিক্ষার্থী আহত হয়েছে। তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বারাইতাড়ী এস বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর বাবা মো. এরশাদুল হক এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকালে তাঁর ছেলে বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আতাউর রহমান মনিসহ কয়েকজনের উপস্থিতিতে তাকে মারধর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, শিক্ষক বেত দিয়ে শিক্ষার্থীকে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন দেখা দেয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে খবর পেয়ে পরিবারের সদস্যরা বিদ্যালয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।

আহত শিক্ষার্থীর বাবা মো. এরশাদুল হক বলেন, তাঁর ছেলের সঙ্গে যা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বারাইতাড়ী এস বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া শেখ বলেন, ঘটনার সময় তিনি বিদ্যালয়ের দাপ্তরিক কাজে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে ছিলেন। ফলে ঘটনাটি তিনি সরাসরি দেখেননি।

অভিযোগের বিষয়ে জানতে হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আতাউর রহমান মনির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়ে তদন্ত হলে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com