২৫ সেপ্টেম্বর ২০২৬
preview
চাচার হাতে ৭ বছরের ভাতিজী ধর্ষণের পর বালিশ চাপায় হত্যা, চাচা আটক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে পানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলামকে (চাচাতো চাচা) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।


আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী।


আজ দুপুরে আনুমানিক ১২টার দিকে শিশুটিকে পানি খাওয়ানোর কথা বলে নিজের ঘরে ডেকে নেন জাহিদুল। সেখানে তাকে ধর্ষণের পর শিশুটি চিৎকার করার চেষ্টা করলে প্রথমে বালিশচাপা এবং পরে গলার টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘাতক পালানোর চেষ্টা করেন।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির মা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি জাহিদুলের ঘরের সামনে মেয়ের পরিহিত জুতা দেখতে পান। এ সময় তিনি দরজা খোলার জন্য ধাক্কা দিলে জাহিদুল দরজা খুলে দেন। ঘরে প্রবেশ করে মা দেখতে পান, তার মেয়েকে কাঁথায় মোড়ানো অবস্থায় ফেলে রাখা হয়েছে। মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে খোঁজাখুঁজি করে অভিযুক্ত জাহিদুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।


এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, হত্যাকাণ্ডের এই ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com