২৫ সেপ্টেম্বর ২০২৬
preview
রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার ‎

MD SOEL RANA

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল Rx Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup (WINCEREX COUGH SYRUP), দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার ৫০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কালিতলা মসজিদ সংলগ্ন মেসার্স আর্মি স্টোর প্রোভাইডারের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মোঃ মশির উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (৪০)। এসআরবি ১৩ দিনাজপুর সিপিসি-১-এর নায়েব সুবেদার মোঃ ইউনুছ আলী শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে দেলোয়ার হোসেনের ব্যবহৃত লাল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা ডিলাক্স মোটরসাইকেলের পেছনের হুকের সঙ্গে ঝোলানো প্লাস্টিকের ব্যাগ থেকে ৬০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও একটি কালো রঙের ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে, মাসুদ রানার ব্যবহৃত জলপাই ও হলুদ রঙের ইয়ামাহা SZ-RR ১৫০ সিসি মোটরসাইকেলের পেছনের হুক থেকে ৩০ বোতল একই ধরনের কফ সিরাপ এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দল। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ)/৩৮ ধারায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com