২৪ সেপ্টেম্বর ২০২৬
preview
বিজয়নগরে ২২ মামলা ও ৬ পরোয়ানাভুক্ত শীর্ষ আসামি ইকবাল খাঁ গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২২টি মামলা এবং ৬টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল খাঁকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা এই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১২টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান ও এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল খাঁ ওই এলাকার ময়াল খাঁ প্রকাশ মাওয়াল খাঁ প্রকাশ মালু খাঁর ছেলে।

পুলিশ জানিয়েছে, আসামি ইকবালের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত এবং ৩টি মারামারির মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিজয়নগর থানায় ৬টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা মুলতবী ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন।

অভিযান পরিচালনাকারী দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com