২৩ সেপ্টেম্বর ২০২৬
preview
বালিয়াডাঙ্গীতে ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৫ ছাগলের

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পাঁচটি ছাগল মারা গেছে এবং তিনটি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক মো. তবিবর রহমানও দগ্ধ হয়েছেন।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ বিশ্রামপুর গ্রামের হলদিবাড়ীহাট এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গভীর রাতে তবিবর রহমানের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘর, আসবাবপত্রসহ ভেতরে থাকা গবাদিপশুর একটি অংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় তবিবর রহমান দগ্ধ হন।


অগ্নিকাণ্ডে পরিবারের মাথা গোঁজার একমাত্র আশ্রয়টিও হারিয়ে গেছে। পাশাপাশি পরিবারের আয়ের অন্যতম অবলম্বন গবাদিপশু ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।


জানা গেছে, তবিবর রহমানের এক ছেলে ও এক মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। তাদের আরও একটি ছোট সন্তান রয়েছে। বসতঘর ও গবাদিপশু হারিয়ে সন্তানদের নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি।


ক্ষতিগ্রস্ত পরিবারের এমন দুর্দিনে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


সহযোগিতার জন্য যোগাযোগ:

মো. রফিকুল ইসলাম (তবিবর রহমানের বড় ভাই) — ০১৭৩৭-১৬৯২২৭

বিকল্প নম্বর — ০১৭৮২-১৮৩০২৫


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com