২০ সেপ্টেম্বর ২০২৬
preview
পুলিশ ক্যাম্পে রহস্যজনক অসুস্থতা, রাতের খাবার খেয়ে হাসপাতালে ১০ সদস্য।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পরপরই রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ১০ জন পুলিশ সদস্য। আকস্মিক এ ঘটনায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাঁদের দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা রাতের খাবার গ্রহণ করেন। খাবার খাওয়ার কিছু সময় পরই একে একে ১০ জন সদস্য অসুস্থ বোধ করতে শুরু করেন। অবস্থা গুরুতর হওয়ায় এবং কয়েকজন অচেতন হয়ে পড়ায় তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম তাৎক্ষণিকভাবে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, এই অসুস্থতার নেপথ্যে খাদ্যে বিষক্রিয়া বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ক্যাম্পের রান্না করা খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, "খাবারে কোনো ত্রুটি ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।" পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com