MD SOEL RANA
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ছাগল আটকে আইনি পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে শত্রুতার জেরে এক কৃষকের ফলন্ত করলা ক্ষেত কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রুহিয়া থানাধীন ৩নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি পাথর ফাটা মন্দির এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক প্রশান্ত সেন ওই এলাকার মৃত মোহিনী সেনের ছেলে। তাঁর অভিযোগ, প্রতিবেশীর একটি ছাগল করলা ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করায় তিনি ছাগলটি আটক করে মালিককে খবর দেন। কিন্তু ছাগলের মালিক তা ফেরত নিতে না আসায় পরে তিনি ছাগলটি স্থানীয় খোয়ারে সোপর্দ করেন। প্রশান্ত সেনের অভিযোগ, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছাগল খোয়ারে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাগলের মালিকপক্ষের লোকজন বা দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাঁর করলা ক্ষেতের গাছ কেটে ফেলে। পরদিন ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, ফলন্ত করলা গাছগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ভুক্তভোগী কৃষক বলেন, “দশ শতক জমিতে করলা চাষ করেছি। এ পর্যন্ত আমার প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু মাত্র ১ হাজার টাকার করলা বিক্রি করতে পেরেছি। ক্ষেতের গাছগুলো কেটে ফেলায় আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।” তিনি আরও জানান, এলাকায় কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ বা শত্রুতা নেই। তবে ছাগল আটক ও খোয়ারে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটতে পারে বলে আমার ধারণা। বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম বলেন, ক্ষেতটি পরিদর্শনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগী কৃষক লিখিত আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com