আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশী মোঃ মোজাম্মেল হক নির্বাচিত হলে ইউনিয়নজুড়ে কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জোতপাড়া গ্রামে অনুষ্ঠিত স্থানীয় একটি সভায় তিনি তাঁর নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন।
মোজাম্মেল হক জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একটি করে মোট ৯টি কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এসব কারখানায় স্থানীয়দের কাজের সুযোগ তৈরি করে বেকারত্ব কমানোর লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধার্থে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি বলেন, মানুষের দৈনন্দিন প্রয়োজন এবং এলাকার বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান। নির্বাচিত হলে জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভা শেষে মোজাম্মেল হক স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com