১৬ সেপ্টেম্বর ২০২৬
preview
রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ পরিদর্শনে ইউএনও ‎

MD SOEL RANA

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি কলেজটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে ইউএনও কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরে কলেজের অধ্যক্ষ বদরুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আলাউদ্দিন শিক্ষার মান আরও উন্নত করতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ আরও সহজ হয়। মতবিনিময় সভায় কলেজের সহকারী অধ্যাপক রেজানুল হক, আসাদুজ্জামান, মনোয়ার হোসেন, সফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com