মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
দুই দিনের কর্মসূচির প্রথম দিনে উপজেলার দুর্গম ও বন্যাকবলিত চিলমারী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকায় গিয়ে পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ছিল দুই দিনের ত্রাণ বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিন। এদিন তিনি বন্যাকবলিত রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং পরে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বানভাসি মানুষের মাঝে নিজ হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ। এছাড়া দৌলতপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে এমপি বাচ্চু মোল্লা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন। খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকাবাসী জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও পাটখেত পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুর্গত সময়ে জনপ্রতিনিধির সরেজমিনে পরিদর্শন ও ত্রাণ সহায়তা পাওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, “জনগণের যেকোনো দুর্যোগ ও বিপদে পাশে থাকাই আমাদের প্রথম দায়িত্ব। একটি মানুষও যেন ত্রাণ বা চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।”
তিনি বলেন, বন্যার পানি না কমা পর্যন্ত দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দুই দিনের এই কর্মসূচিতে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সরাসরি গিয়ে মানুষের পাশে দাঁড়ান এমপি বাচ্চু মোল্লা। এতে স্থানীয়দের মধ্যে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আস্থা ও সহযোগিতার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com