১১ সেপ্টেম্বর ২০২৬
preview
বালিয়াডাঙ্গীতে মাদক ও অপরাধ প্রতিরোধে সচেতনতা সভা

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলতলা (থানাপাড়া) এলাকাবাসীর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য অয়ন চৌধুরী ও ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বাসিন্দারা অংশ নেন।

আলোচনায় এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ, চুরি-ছিনতাই ঠেকানো এবং কিশোর-তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার নানা দিক উঠে আসে। পাশাপাশি অপরাধের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথি ওসি মো. বুলবুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও জরুরি। কোনো এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক একটি পরিবারকে যেমন ক্ষতিগ্রস্ত করে, তেমনি সমাজের তরুণ প্রজন্মের ভবিষ্যৎও অনিশ্চিত করে তোলে। তাই মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

চুরি ও ছিনতাই প্রতিরোধে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওসি বলেন, এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তি কিংবা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। এতে অপরাধ সংঘটনের আগেই অনেক ক্ষেত্রে তা প্রতিরোধ করা সম্ভব।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, পরিবারকে সন্তানদের প্রতি আরও মনোযোগী হতে হবে। তাদের পড়াশোনা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখার মাধ্যমে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

বিশেষ অতিথি অয়ন চৌধুরী বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

জিল্লুর রহমান বলেন, নিরাপদ পরিবেশ তৈরিতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; পরিবার ও সমাজের সচেতনতাও বাড়াতে হবে। বিশেষ করে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম নুরুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।

সভা শেষে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয়দের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com