১১ সেপ্টেম্বর ২০২৬
preview
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন কুষ্টিয়ার রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে তার অন্তর্ভুক্তি কুষ্টিয়া অঞ্চলের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্থানীয়রা।

সংসদীয় এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. ডা. শফিকুর রহমান, চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন অপু, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন।

রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া-১ আসনের জনগণের পাশাপাশি দৌলতপুর উপজেলা ও বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

শুভেচ্ছা বার্তায় স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার অন্তর্ভুক্তি কুষ্টিয়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ এই কমিটিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্য তারেক রহমানের প্রতিও দৌলতপুর উপজেলা এবং বৃহত্তর কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দেশের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় কার্যক্রমে কুষ্টিয়া-১ আসনের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দৌলতপুর ও বৃহত্তর কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com