১০ সেপ্টেম্বর ২০২৬
preview
পাঁচ বছরে পদার্পণ দবিরিয়া দারুল উলুম মাদ্রাসার, নতুন কমিটি গঠন

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি

শিক্ষা কার্যক্রম ও দ্বীনি শিক্ষার প্রসারের মধ্য দিয়ে পাঁচ বছরে পদার্পণ করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দবিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজারের দক্ষিণ পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ জমির উদ্দিন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এর উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্য, মসজিদ নির্মাণ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রতিষ্ঠানটির শিক্ষা পরিবেশ ও চলমান কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, মাদ্রাসাটিতে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেন। শান্ত ও মনোরম পরিবেশে পড়াশোনার সুযোগ থাকায় প্রতিষ্ঠানটি এলাকাবাসীর কাছেও ইতিবাচক সাড়া পেয়েছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

পুনর্গঠিত হলো মাদ্রাসা ও মসজিদের কমিটি

অনুষ্ঠানের শেষাংশে মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। মো. মাসুদ রানাকে সভাপতি এবং প্রধান শিক্ষক মাওলানা মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে নির্মাণাধীন দবিরিয়া নূর জামে মসজিদের নির্মাণকাজ তদারকির জন্য মাওলানা মো. আব্দুস সাত্তারকে সভাপতি এবং মাওলানা মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্যের নির্মাণ কমিটি পুনর্গঠন করা হয়।

নবগঠিত দুই কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানের সমাপ্তিতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।


1000218296.jpg


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com