৯ সেপ্টেম্বর ২০২৬
preview
​অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে ফুলবাড়ীর দেড় শত বছরের ঐতিহ্যবাহী 'নাওডাঙ্গা জমিদার বাড়ি'

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দেড় শত বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন 'নাওডাঙ্গা জমিদার বাড়ি' আজ চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে পড়েছে। পরিচর্যা ও সংস্কারের অভাবে ঐতিহ্যের এই স্মৃতিচিহ্নটি দিন দিন অস্তিত্ব হারাতে বসেছে।
উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই নান্দনিক স্থাপত্যটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করেন প্রমদরঞ্জন বক্সী। জনসেবা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 'বাহাদুর' খেতাবে ভূষিত করেছিল। প্রমদরঞ্জন বক্সীর তিন পুত্র ও এক কন্যা ছিল, যাদের মধ্যে শেষ জমিদার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বেশ্বর প্রসাদ বক্সী। পরবর্তীতে দেশে জমিদারী প্রথা বিলুপ্ত হলে এই রাজপরিবারের সকল সদস্য ভারতে পাড়ি জমান।
​বর্তমানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহাসিক এই প্রাসাদটি দীর্ঘদিন সংস্কার না করায় এর অবকাঠামো পুরোপুরি জরাজীর্ণ হয়ে পড়েছে। ইতোমধ্যে ভবনের ছাদ ও সুরম্য বিমগুলো ধসে পড়েছে। চারিদিকে আগাছা ও গাছে ঢেকে গিয়ে ভূতুড়ে পরিবেশে পরিণত হয়েছে এক সময়ের জাকজমকপূর্ণ এই জমিদার বাড়িটি।
​স্থানীয় ইতিহাসপ্রেমী ও বাসিন্দাদের দাবি, দ্রুত প্রশাসনিক পদক্ষেপে প্রাসাদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিয়ে সংস্কার ও সংরক্ষণ করা হলে এটি কুড়িগ্রাম জেলার অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com