২৩ আগস্ট ২০২৬
preview
প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

আজিজুল হক

 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৩ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সার্ক মহাসচিব বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ক প্রক্রিয়া ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক নেতৃত্ব এবং ধারাবাহিক অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অভিন্ন উন্নয়ন নিশ্চিত করতে সার্ক এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম। তিনি সার্ককে আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করেন। তাঁর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব ও দূরদর্শিতার ফলেই সার্ক প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক যোগাযোগ ও বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি একটি আরও গতিশীল, কার্যকর ও জনমুখী সার্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সার্ক মহাসচিবের দায়িত্ব পালনকালে সার্কের কার্যক্রম সচল ও এগিয়ে নিতে তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ধারাবাহিক কর্মসূচি, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা ও সহযোগিতা বজায় রাখার ক্ষেত্রেও তাঁর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এ সময় সার্ক মহাসচিব বাংলাদেশে অবস্থিত সার্ক কৃষি কেন্দ্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা-এর কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। সার্কের বিশেষায়িত সংস্থা ও আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সার্ক মহাসচিব প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি সার্কের প্রতি অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সার্কের প্রতিষ্ঠাতা নেতাদের স্বপ্ন ও দক্ষিণ এশিয়ার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কৃতজ্ঞতা
এদিকে, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্কের প্রতি আগ্রহ, আন্তরিকতা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রত্যয়কে স্বাগত জানিয়েছে। সংগঠনটি সার্কের কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com