MD SOEL RANA
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারী ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২১ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রুহিয়া থানার ঢোলারহাট (কুড়ালীপাড়া) গ্রামের মানিক মুর্মুর স্ত্রী ফুলমতী হাসদা (৫০) এবং ধর্মপুর (বদলিয়াপাড়া) গ্রামের মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে মহাদেব চন্দ্র বর্মণ (২৫)। এছাড়া এ ঘটনায় আইনের সাথে সংঘাত জড়িত ধর্মপুর গ্রামের শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে শ্রী সুপলব চন্দ্র বর্মণ (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-০১/৬৩, তারিখ: ০৫/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লিটার চোলাই মদসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত 'জিরো টলারেন্স' অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com