মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইটারী এলাকায় শনিবার (২ আগস্ট) বিকেলে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা বহিরাগত মাদকসেবী ও মাদক কারবারিদের এলাকায় প্রবেশে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধের মাধ্যমেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বির আলী মুসা, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল হক, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওমর আলী, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলম, পরিমল চন্দ্র রায়সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক অভিযান ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com