মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গোলাবাড়ি বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে মো. হাবিবুল্লাহ (৪০) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হাবিবুল্লাহ পান্টি ইউনিয়নের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি আদম ব্যবসার পাশাপাশি পান্টি গোলাবাড়ি বাজারে ওই ফার্নিচারের দোকান পরিচালনা করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন হাবিবুল্লাহ। এ সময় তার মোবাইল ফোনটি সচল থাকলেও তিনি কোনো কল ধরছিলেন না। আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা বিভিন্ন স্থানে সম্ভাব্য অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা দোকানের ভেতরে গিয়ে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে নিহতের ওপর ঋণের চাপ ছিল। তবে মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। পুলিশ ঘটনার সব দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
এদিকে, একজন ব্যবসায়ীর এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এই ঘটনার সুক্ষ্ম ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com