আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
বালিয়াডাঙ্গীতে ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তথ্যপ্রযুক্তি দক্ষতায় প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ১৬ সপ্তাহব্যাপী কম্পিউটার (গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সূত্র জানায়, আগামী ২ আগস্ট থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ১৬ সপ্তাহ মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উপজেলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং জেলা পুলিশ সুপার। এছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট), গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি হবে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়লে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা কমাতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, বিজিবির এ উদ্যোগ সীমান্তবর্তী জনপদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com