মোঃ আবদুল করিম
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোর ৩টা ৪০ মিনিটে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, র্যাব-১৫ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আয়েশা বেগম পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি কালো কাপড়ের ব্যাগ থেকে ৫০টি এয়ারটাইট পলিথিন প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আয়েশা বেগম উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com